চিফ রিপোর্টার, আজিজুল হক।


বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে ইউনিয়ন যুবদল নেতা মো. আলীমুজ্জামান রানার বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত এই নেতা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর দুর্বৃত্তরা বাড়ির চারপাশে আগুন ধরিয়ে দেয়।

আলীমুজ্জামান রানা জানান, ধোঁয়ার গন্ধ পেয়ে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। পরিস্থিতি বুঝতে পেরে সবাই দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন। অল্প সময়ের মধ্যেই আগুন টিনশেড ও কাঠের তৈরি ঘরজুড়ে ছড়িয়ে পড়ে। এতে বসতঘর, রান্নাঘর, টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্রসহ ঘরের প্রায় সব মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন সম্পূর্ণ নেভায়। তবে ততক্ষণে ঘরদোর ছাই হয়ে যায়।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম খান বলেন, আগুনে বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধ রয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী পক্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা জানান, সাম্প্রতিক নির্বাচনের পর এলাকায় আধিপত্য নিয়ে উত্তেজনা দেখা দেয়। ভোটের রাত ও পরদিন সকালে মান্দ্রা গ্রামে পাল্টাপাল্টি হামলার ঘটনায় জামায়াত ও বিএনপির সমর্থকদের অন্তত ১৫টি বসতবাড়িতে ভাঙচুর ও তছনছের ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে থমথমে থাকলেও এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।