নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশুটির নাম তাহিয়া আক্তার তানজিম ওরফে তুবা। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

​শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুবা ওই গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।

​পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে তুবা ঘরে বসে একা ভাত খাচ্ছিল। ওই সময় তার মা চিনি আক্তার ছাগল আনতে বাড়ির পাশের মাঠে যান। বিকেলে মাঠ থেকে ফিরে তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তুবাকে ঝুলতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

​নিহত শিশুর মা চিনি আক্তার আহাজারি করে বলেন, “আমার মেয়ে ঘরে একা ভাত খাচ্ছিল। এর মধ্যেই কী হয়ে গেল! আমি যখন আমার মেয়েকে আড়া থেকে নামাই, তখন তার পরনের পায়জামা খোলা ছিল। আমার ছোট্ট শিশুর সাথে যে এই অমানুষিক কাজ করেছে, আমি তার কঠিন বিচার চাই।”

​বারহাট্টা থানার উপ-পরিদর্শক (এসআই) কাদির আলী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছে। আলামত দেখে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে।

​তিনি আরও বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”