ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে সিয়াম (২৫) নামে এক যুবককে গ্রামবাসী আটক করে গণধোলাই দিয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ মার্চ) রাতে সিয়াম বাঞ্ছারামপুর উপজেলার এক তরুণীকে কুপ্রস্তাব দেয়। বিষয়টি তরুণী তার ভাইকে জানানোর পরপরই পরদিন শনিবার সকালে মেয়েটির ভাই সিয়ামকে ফোনে দেখা করতে বলেন। কিন্তু সিয়াম ফোনে মেয়েটির ভাইকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং দেখা করলে দেখে নেওয়ার হুমকি দেয়।
অভিযোগ রয়েছে, সিয়াম নিজেকে এলাকার প্রভাবশালী নেতা দাবি করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছেন। এছাড়া তিনি স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে চাপ প্রয়োগেরও চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের ভাষ্য, বিবাহিত সত্ত্বেও তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় সিয়াম অনুশোচনা না করে উল্টো হুমকি দিতে থাকেন।
এলাকাবাসীর দাবি, সিয়াম স্থানীয়ভাবে মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ত এবং মাদক চোরাচালান ও সেবনের সঙ্গেও জড়িত। এই কারণে এলাকায় তার বিরুদ্ধে জনমানসে ক্ষোভ তৈরি হয়।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় খলিল শাহ্ মাজার এলাকা থেকে গ্রামবাসী সিয়ামকে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।
ঘটনার ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর স্থানীয় দেশের কণ্ঠ পত্রিকার এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতারা সাংবাদিককে ১২ ঘণ্টার মধ্যে ভিডিও মুছে না ফেললে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকার মানুষ উদ্বিগ্ন। তারা সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



