চকরিয়া প্রতিনিধি: মোঃ আব্দুল করিম
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রেতা ও সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চকরিয়া থানা পুলিশের নেতৃত্বে পৌরসদরের বিভিন্ন মার্কেটে বিশেষ সাড়াশি অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান চলাকালে চকরিয়া পৌরসভার নিউ মার্কেট, জনতা মার্কেট ও চকরিয়া সিটি সেন্টার এলাকায় ছিনতাইয়ের সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—
১. আব্দুল্লাহ (২৬), পিতা—মৃত নুরুল কবির, মাতা—ছফুরা খাতুন, গ্রাম—মাইজ কাকারা, ০২নং ওয়ার্ড, কাকারা ইউপি, থানা—চকরিয়া, জেলা—কক্সবাজার।
২. রাহাত হোসেন (৩৩), পিতা—জাহেদ হোসেন, মাতা—মঞ্জুরা বেগম, গ্রাম—মধ্যম পাড়া, ০৩নং ওয়ার্ড, সাহারবিল ইউপি, থানা—চকরিয়া, জেলা—কক্সবাজার।
৩. মোঃ আরমান (৪১), পিতা—মৃত ফেরদৌস আহমদ, গ্রাম—সোসাইটি পাড়া, ০৮নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা—চকরিয়া, জেলা—কক্সবাজার।
৪. মোহাম্মদ দিদারুল ইসলাম, পিতা—মৃত দেলোয়ার হোসেন, মাতা—মৃত আমিনা বেগম, গ্রাম—বাজার পাড়া, ০১নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা—চকরিয়া, জেলা—কক্সবাজার।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ঈদুল ফিতর উপলক্ষে মার্কেট ও জনবহুল এলাকায় সাদা পোশাক ও পূর্ণ পোশাকে পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত থানায় অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ঈদকে কেন্দ্র করে চকরিয়া পৌর এলাকায় নিরাপত্তা জোরদার থাকায় ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।



