কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আফিয়া নামের আড়াই বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়ির পাশের একটি মেহগনি বাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির চাচি কল্পনা আক্তার (২০)কে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দাড়ের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফিয়া স্থানীয় বাসিন্দা শাহিন সরদারের মেয়ে।
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের বাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গাছে ঝুলতে দেখা যায় তাকে। দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটির চাচি কল্পনা আক্তারকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি শিশুটিকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন,ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



