কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় শাহ জামাল (৪৫) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। একই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শাহ জামাল পেশায় ভবন নির্মাণকাজের ঠিকাদার ছিলেন। তিনি পরিবারসহ কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার চরসিতাই ঝাড় গ্রামে। তিনি আব্দুর সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে মোটরসাইকেলে সাদ্দাম বাজার থেকে উদিবাড়ির দিকে যাওয়ার সময় রেললাইন পার হওয়ার মুহূর্তে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শাহ জামাল ঘটনাস্থলেই নিহত হন এবং মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে থাকা ব্যক্তি গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, রেলক্রসিংটিতে কোনো গেট বা গেটম্যান না থাকায় দীর্ঘদিন ধরেই ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সেখানে বিক্ষোভ করে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক নাছির উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে।



