কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদরগা বাজারে দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন রুবেল (২৮), বাবু (৪২) ও জামাল (৩৫)। তাদের সবার পিতা জিন্নাত আলী। পুলিশ জানায়, বাজারে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করা হয় এবং পরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী মো. মাসুদুর রহমান দৌলতপুর থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, আল্লারদরগা বাজারে তার একটি দোকান দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন অভিযুক্ত কামাল। মাসিক ১ হাজার ৫০০ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও প্রায় সাত মাস ধরে তিনি কোনো ভাড়া পরিশোধ করেননি। এতে প্রায় ১০ হাজার ৫০০ টাকা বকেয়া জমা হয়।

অভিযোগ অনুযায়ী, গত ৪ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে কামালসহ কয়েকজন সহযোগী লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে বাজারে এসে হামলা চালায়। এ সময় দোকানে ভাঙচুর করা হয় এবং উপস্থিত কয়েকজনকে মারধর করা হয়।

হামলায় আমজাদ হোসেন (৪৫) গুরুতর আহত হন। এছাড়া মো. টিটু (৪০) ও মো. জাহিদুল ইসলাম (৪১)সহ আরও কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় দোকানের ক্যাশবাক্স থেকে প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যাওয়া হয় এবং দোকানের মালামাল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়।


এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।