কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মাথাভাঙ্গা নদী থেকে মলেজান নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রাম সংলগ্ন সীমান্তবর্তী মাথাভাঙ্গা নদী থেকে পুলিশ ও বিজিবি সদস্যরা মরদেহটি উদ্ধার করে।
নিহত মলেজান নেছা প্রাগপুর গ্রামের মৃত এলাহী বক্সের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর বাংলাদেশ অংশে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে এবং স্বজনদের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মলেজান নেছা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং মাঝেমধ্যেই বাড়ি থেকে বের হয়ে যেতেন। গত ৮ মার্চ তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।স্বজনদের ধারণা, মানসিক ভারসাম্যহীন অবস্থায় কোনো এক সময় তিনি নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যেতে পারেন।
দৌলতপুর থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের পরিবার বা স্থানীয়দের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের জন্য তার ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।



