ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে পরিচালিত এই অভিযানে ক্ষতিকারক কসমেটিকস রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা এবং অপর একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।আদালত সূত্রে জানা গেছে, দুপুরে লাহিড়ী বাজারে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক। এ সময় ‘মা মনি ভেরাইটিজ স্টোর’-এ ক্ষতিকারক কেমিক্যালযুক্ত কসমেটিকস মজুত রাখা এবং পণ্যের সঠিক মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ৩৮ ধারায় মালিক মুরাদ হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআইয়ের অনুমোদনহীন কার্যক্রমের বিষয়ে ‘মেসার্স লিলি বেকারী’র মালিক আব্দুল বাসেদকে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।অভিযানকালে আসন্ন ঈদকে সামনে রেখে বাজারে নকল পণ্যের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়। বিশেষ করে ‘বনফুল’ সেমাইয়ের আদলে ‘বনের ফুল’ নামে নকল প্যাকেটে নিম্নমানের সেমাই বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারিত করা হচ্ছে বলে তথ্য পাওয়া যায়। এ ধরনের নকল পণ্য ক্রয় না করতে সাধারণ ক্রেতাদের সচেতন থাকার পরামর্শ দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিএসটিআই-এর ইন্সপেক্টর তানভির আহমেদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক জানান, জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।