কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আজিম উদ্দিন নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় ভ্যানে থাকা চার যাত্রী আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিম উদ্দিন উপজেলার শিলাইদহ ইউনিয়নের লালাদাড়ি গ্রামের বাসিন্দা আবু মুসার ছেলে।

পুলিশ জানায়, আজিম উদ্দিন মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত পাখি ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় পাখি ভ্যানে থাকা চার যাত্রী আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।