কুষ্টিয়ার ভেড়ামারায় সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দক্ষিণ রেলগেট এলাকায়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠানের অফিস লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পাশের একটি চায়ের দোকানের মালিক শুকুর আলী (৫৫) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত প্রায় ৯টার দিকে ভেড়ামারা পৌর এলাকার দক্ষিণ রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রাতের দিকে মোটরসাইকেলে করে চারজন অজ্ঞাত ব্যক্তি হেলমেট ও মুখ ঢাকা অবস্থায় ঘটনাস্থলে আসে। তারা প্রথমে ডাবলুর অফিসের দিকে একটি হাতবোমা নিক্ষেপ করে এবং পরে পিস্তল ও শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় অন্তত ১৪ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।গুলিবর্ষণের সময় পাশের একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন দোকানি শুকুর আলী। হঠাৎ গুলিতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলার সময় আশপাশের কয়েকটি দোকানেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, শনিবার রাতে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে বসে কাজ করছিলেন। এ সময় বাইরে থেকে কয়েকজন দুর্বৃত্ত অফিস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। হামলাকারীদের সবার মুখ ঢাকা থাকায় তিনি কাউকে শনাক্ত করতে পারেননি বলে জানান। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনজুড়ে ভেড়ামারা উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। অনেকের ধারণা, দিনের সেই উত্তেজনার ধারাবাহিকতাতেই রাতে এই হামলার ঘটনা ঘটেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



