ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় মাদক ব্যবসা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, আলোচিত মাদক কারবারি কামিনী বেগম আবারও আগের মতোই মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েছেন, যা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে।

স্থানীয় সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ নানা ধরনের মাদক ছড়িয়ে পড়ছে। অভিযোগ রয়েছে, শহরের চৌড়হাস এলাকায় নিজ বাসভবনকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালিত হচ্ছে। এতে করে তরুণ সমাজের একটি বড় অংশ মাদকের ঝুঁকিতে পড়ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

তাদের ভাষ্য, নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পরিবারের ছেলে-মেয়েরাও ধীরে ধীরে মাদকের আসক্তিতে জড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এলাকাবাসীর অভিযোগ, এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও আইনি প্রক্রিয়ায় জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ওই নারী। গত বছর বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তারের পর অল্প সময়ের মধ্যেই জামিন পাওয়ার ঘটনাও উল্লেখ করেন তারা। এরপর থেকেই তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে দাবি স্থানীয়দের।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে এবং মাদক উদ্ধার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক মো. আসলাম হোসেন জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, উৎসবকে ঘিরে যেন মাদকের বিস্তার না ঘটে, সে জন্য প্রশাসনের কঠোর ও ধারাবাহিক পদক্ষেপ দ্রুত দৃশ্যমান হবে।