ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ নাসিরুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রুহিয়া থানাধীন গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন কালীতলা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নাসিরুল রুহিয়া থানাধীন মাধবপুর গ্রামের মৃত ফলিম উদ্দীনের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে রুহিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে ডিবি পুলিশের একটি চৌকস দল। কলেজের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে নাসিরুলকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা। এস আই (নিরস্ত্র) সাধন চন্দ্র রায়ের নেতৃত্বে এই অভিযানে এস আই মোঃ রাশেদুল ইসলাম, এ এস আই মোঃ নজরুল ইসলামসহ ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০ (ক) ধারায় রুহিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা (নং-০৯, তারিখ: ২৪/০৩/২৬ইং) রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।