কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পরিচালিত বিশেষ অভিযানে জনি হত্যা মামলার এক পলাতক আসামিকে আটক করেছে থানা পুলিশ। গ্রেপ্তার রাকিবুল (৩৩) উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তবর্তী জামালপুর গ্রামের বাসিন্দা এবং শামু মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে তাকে জনি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন রাকিবুল। এ কারণে এলাকায় তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, গত বছরের ২৯ নভেম্বর জামালপুর সীমান্ত এলাকায় মাদক সংক্রান্ত অর্থ লেনদেন নিয়ে বিরোধের জেরে জনি নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, নাজিম উদ্দিনের ছেলে সোহান ও আমিরুল ইসলাম সুমনের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি সশস্ত্র দল জনির ওপর হামলা চালায়। হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে তাকে হত্যা করা হয়।

পরে হামলাকারীরা মরদেহ মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের কবরস্থানসংলগ্ন মাঠে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত জনি একই এলাকার মৃত জাকির হোসেনের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।