কুষ্টিয়া শহরে প্রকাশ্য দিবালোকে সানি শেখ সাগর (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

রবিবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চৌড়হাস কোল্ডস্টোর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে সাগরের ওপর হামলা চালায়। চাপাতি ও রামদা দিয়ে তার ডান পা, ডান হাত ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সানি শেখ সাগর চৌড়হাস কোল্ডস্টোর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়দের দাবি, মাদক সংক্রান্ত বিরোধের জেরে সাগরের বন্ধু প্রবালসহ আরও দুই থেকে তিনজন এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।

বর্তমানে নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার বলেন, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।