কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম আজমকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার আমলা ইউনিয়নের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা হঠাৎ করে শফিকুল ইসলাম আজমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধ শফিকুল ইসলাম আজম আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।



