কুষ্টিয়ায় পৃথক অভিযানে প্রায় ৬ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৫৮৫ টাকা মূল্যের প্রাণঘাতী মাদক এলএসডি (LSD) এবং বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।ট্রেনে তল্লাশি: উদ্ধার ৬ কোটির এলএসডি।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি। রাজশাহী থেকে ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়।প্রতিটি বোতলে ৫০ মিলি করে মোট ৬০০ মিলি এলএসডি পাওয়া গেছে, যার আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকা। মাদক কারবারিরা ধরা না পড়লেও এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারকে বিজিবির বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় অভিযান এলএসডি উদ্ধারের পাশাপাশি মঙ্গলবার ভোরে দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান চালায় বিজিবি। মুন্সিগঞ্জ মাঠ ও প্রাগপুর নদীর ঘাট এলাকায় আশ্রয়ন ও প্রাগপুর বিওপির টহল দল এই অভিযানে অংশ নেয়। এসব অভিযানে উদ্ধার করা হয়: বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ,নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপো ও বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি।
৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই কঠোর অবস্থান ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



