ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্থানীয়দের তৎপরতায় এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে উপজেলার ৩ নম্বর হোসনগাঁও ইউনিয়নের কলিগাঁও ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি ইসমাইল হোসেন (৪৭)। তিনি একই এলাকার আব্দুস সোবহানের ছেলে।

স্থানীয়দের দাবি, ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে গোপনে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকায় নানা অভিযোগ ছিল। মঙ্গলবার রাতে তার চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকাবাসীর কয়েকজন তাকে আটক করে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা পাওয়া যায় বলে তারা জানান।

পরে খবর দিলে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইসমাইল হোসেনকে নিজেদের হেফাজতে নেয় এবং উদ্ধার করা ইয়াবা জব্দ করে।

পুলিশের একটি সূত্র জানায়, আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনগণের সম্মিলিত উদ্যোগ জরুরি। মাদকবিরোধী এমন কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।