সিনিয়র রিপোর্টার, ফজলে করিম মোঃ নাজমুজ্জামান

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে ছিটকে নদীতে পড়ে যায় ‘সোহাদ্য পরিবহন’ নামের ওই বাসটি।


দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার কাজ। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর গভীর রাতে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সাহায্যে বাসটিকে নদী থেকে টেনে তোলা সম্ভব হয়। এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১৩ জন নারী ও ৫ জন পুরুষ।

এছাড়া এ ঘটনায় আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায়, তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে স্থানান্তর (রেফার) করা হয়েছে।


উদ্ধারকৃত সকল মরদেহ বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য স্থানীয় প্রশাসন স্বজনদের দ্রুত হাসপাতাল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য জরুরি আহ্বান জানিয়েছে।