করিমগঞ্জে শীতার্ত মানুষের পাশে ইসলামী আন্দোলন শতাধিক পরিবারে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক | করিমগঞ্জ
দেশজুড়ে চলমান হাড়কাঁপানো শৈত্যপ্রবাহে যখন নিম্নআয়ের ও অসহায় মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন, তখন মানবিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের শাদের জঙ্গল এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় দরিদ্র, শ্রমজীবী ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা শাখার সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম হয়ন।বিশেষ অতিথির বক্তব্যে যুব নেতা মোহাম্মদ রুহুল আমিন বলেন,
“তীব্র শীতে সাধারণ মানুষের জীবন অস্থির হয়ে পড়েছে। এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান—আপনারাও নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসুন।”
তিনি আরও জানান, এই কর্মসূচি একটি ধারাবাহিক উদ্যোগের অংশ এবং পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও শীতবস্ত্র বিতরণ করা হবে।
অনুষ্ঠান শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীদের অংশগ্রহণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ ও জাতির শান্তি, সুখ-সমৃদ্ধি এবং মানুষের জান-মালের নিরাপত্তা কামনা করা হয়।
মানবিক এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন কার্যক্রম শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।



