রাকিব বাবু, নন্দীগ্রাম, বগুড়া  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন দুটি উপজেলাতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং বিকেলে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা করেন। এসময় কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পাঁচজন নেতা। অন্যদিকে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন এবং পৌর কৃষক দলের সভাপতি সাবেক মেয়র সুশান্ত কুমার শাম্ত, মোট পাঁচ নেতার সমন্বয়ে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধির সংক্ষিপ্ত দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯শে ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আগামী ৩ জানুয়ারি এ আসনের মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন নির্ধারিত হয়েছে।