ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কবির আহমেদ ভূঁইয়া, যাচাই-বাছাই ঘিরে ধোঁয়াশা

আখাউড়া প্রতিনিধি,সিজান সরকার
ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির নির্বাহী সদস্য কবির আহমেদ ভূঁইয়া। দলীয় সূত্রে জানানো হয়েছে, ২৭ ডিসেম্বর তাঁকে মনোনয়নের চিঠি দেওয়া হয়।
এর আগে এই আসনে প্রাথমিকভাবে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ার ঘোষণা আসে। তাঁর বয়স ও রাজনৈতিক সক্রিয়তা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা ও সমালোচনা শুরু হলে প্রার্থী পরিবর্তনের দাবি জোরালো হয়।
এ প্রেক্ষাপটে আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আখাউড়া–আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস এলাকায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি জানান।
দীর্ঘ রাজনৈতিক জীবনে কবির আহমেদ ভূঁইয়া বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। দলের কঠিন সময়ে কসবা ও আখাউড়া এলাকায় তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে সক্রিয় রাখার ভূমিকা রাখেন তিনি বলে স্থানীয় নেতারা জানিয়েছেন।
তবে মনোনয়ন নিয়ে এখনো পুরো পুরি ধোঁয়াশা কাটেনি। দলীয় সূত্র জানায়, ২০ ডিসেম্বর সাবেক এমপি মুশফিকুর রহমানকে মনোনয়নের একটি চিঠি দেওয়া হয়েছিল। অন্যদিকে কবির আহমেদ ভূঁইয়ার মনোনয়নপত্রে ‘সংযুক্তি–২’ উল্লেখ রয়েছে। বিএনপির নিয়ম অনুযায়ী, কোনো কারণে প্রথম প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল হলে দ্বিতীয় প্রার্থী দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।
মুশফিকুর রহমানের অনুসারীরা বলছেন, তিনিই এখনো চূড়ান্ত প্রার্থী। অপরদিকে কবির আহমেদ ভূঁইয়ার সমর্থকদের দাবি, দলীয় বাস্তবতা বিবেচনায় তাঁকেই মনোনীত করা হয়েছে।
এই বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি পেতে অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনের যাচাই-বাছাই প্রক্রিয়ার শেষ দিন পর্যন্ত। আগামী ৪ জানুয়ারি ২০২৬ তারিখে যাচাই-বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।



