বাগেরহাট জেলা প্রতিনিধি। মোঃ রাকিবুল ইসলাম আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক মিটিং অনুষ্ঠিত হয়েছে। মাগরিবের নামাজের পর থেকে ইশা পর্যন্ত চলা এ মিটিংটি ৬ নং যাত্রাপুর ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সমাবেশ বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি, কর্মসূচি সফল করতে করণীয়, দায়িত্ব বণ্টন, জনসংযোগ কার্যক্রম এবং নেতা–কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রস্তুতিমূলক এই সভায় উপস্থিত ছিলেন সেক্রেটারি হাফেজ ওমর আলী, সাবেক ইউনিয়ন আমীর শেখ শওকত আলী এবং সাবেক সদর উপজেলা আমীর ডাঃ আঃ লতিফ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সদর উত্তর থানার সভাপতি, বাগেরহাট পি.সি. কলেজ সভাপতি মাসুম বিল্লাহসহ স্থানীয় ও থানা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন মোঃ মুরাদ আলী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার মাওলানা ফেরদৌস আলী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগেরহাট সদর উপজেলা এবং চেয়ারম্যান পদপ্রার্থী, ৬ নং যাত্রাপুর ইউনিয়ন। প্রধান অতিথির বক্তব্যে ডা. মাওলানা ফেরদৌস আলী বলেন, “আগামী ৩ জানুয়ারির ঢাকা সমাবেশ দেশ ও জাতির গুরুত্বপূর্ণ সময়ের একটি তাৎপর্যপূর্ণ কর্মসূচি। এই সমাবেশ সফল করতে সংগঠনের প্রতিটি স্তরের নেতা–কর্মীদের দায়িত্বশীল ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও নিয়মতান্ত্রিকভাবে সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” সভাপতির বক্তব্যে মোঃ মুরাদ আলী বলেন, “যাত্রাপুর ইউনিয়নের নেতা–কর্মীরা অতীতের মতো এবারও সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।” সভা শেষে ঢাকা সমাবেশ বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সকল নেতা–কর্মীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।