ঋণখেলাপি ব্যক্তিদের এমপি ও মন্ত্রী করার বিষয়ে প্রশ্ন তুলে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যেসব ঋণখেলাপি ব্যক্তিকে এমপি–মন্ত্রী বানানো হয়েছে, তারা কবে নাগাদ ঋণ পরিশোধ করবেন?”

তিনি অভিযোগ করেন, ঋণখেলাপিদের সঙ্গে রেখে দুর্নীতিবিরোধী বক্তব্য দেওয়া জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অবস্থান স্পষ্ট করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারত ও বাংলাদেশ আওয়ামী লীগ-এর সঙ্গে যোগসাজশ করে নির্বাচন করেছে। তার অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এ ধারা অব্যাহত থাকলে সারা দেশে রাজনৈতিকভাবে প্রতিহত করার ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মন্ত্রিসভা গঠনে আঞ্চলিক বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির ঘাটতির অভিযোগ তুলে এনসিপি আহ্বায়ক বলেন, তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়নি। এমনকি হত্যা মামলার আসামিকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার অভিযোগও করেন তিনি। তার ভাষ্য, “এভাবে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব নয়।”

সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে গণভোটের জনরায়ের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি দ্রুত সংস্কার পরিষদের শপথ এবং সংসদ কার্যকর করতে অধিবেশন আহ্বানের দাবি জানান।

এদিকে গণমাধ্যমকর্মীদের ওপর দমন-পীড়ন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কার্যকর গণতন্ত্রের স্বার্থে ভিন্নমতের সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা সরকারের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করে দ্রুত জবাবদিহিতা ও স্বচ্ছতার দাবি জানান।