ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তার মৃত্যুর খবর পাওয়া যায়।


মিরপুর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।


ওসি আলমগীর জাহান জানান, শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে খবর পেয়ে পল্লবী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। প্রাথমিক পর্যবেক্ষণের পর পুলিশের ধারণা, অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো অস্পষ্ট। পুলিশ জানিয়েছে, বিস্তারিত তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।


জানা গেছে, মর্মান্তিক এই ঘটনার সময় অভিনেতা জাহের আলভী দেশে ছিলেন না; তিনি বর্তমানে নেপালে অবস্থান করছেন। স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুর খবরে তিনি চরমভাবে ভেঙে পড়েছেন। সংবাদমাধ্যমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এই মুহূর্তে কথা বলার মতো কোনো অবস্থায় তিনি নেই।


আলভী ও ইকরার দাম্পত্য জীবনের শুরুটা ছিল অনেকটা সিনেমার মতো। ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলেন তারা। দীর্ঘ ১৪ বছর তাদের এই বিয়ের বিষয়টি লোকচক্ষুর আড়ালেই ছিল। অবশেষে ২০২৪ সালে তাদের এই বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। আলভী-ইকরা দম্পতির 'রিজিক' নামের একটি পুত্রসন্তান রয়েছে। মায়ের এমন মৃত্যুতে শিশু সন্তানসহ পুরো পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে।