ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের বড়বাড়ী এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী ধর্মীয় উৎসব হরিবাসর। গত ২০০০ সাল থেকে ধারাবাহিকভাবে চলে আসা এই উৎসবটি এ বছর ২৬তম বর্ষে পদার্পণ করেছে। এবারের ২৬তম হরিবাসর উৎসবে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যক্তিত্ব বাবু বিকাশ চন্দ্র সরকার (বাঙালি মাস্টার)। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, মানবজাতির কল্যাণ ও মঙ্গল কামনায় প্রতি বছর এই হরিবাসরের আয়োজন করা হয়। বিশেষ করে বসন্তকালের ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা কে কেন্দ্র করে এই উৎসবের তিথি নির্ধারিত হয়। জানা যায়, দোল পূর্ণিমার ঠিক তিন দিন আগে এই হরিবাসর অনুষ্ঠানের রীতি দীর্ঘ দিন ধরে চলে আসছে। অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আসা নামসংকীর্তন দলগুলো বাদ্যযন্ত্রের তালে তালে হরে কৃষ্ণ হরে রাম ধ্বনিতে মেতে ওঠেন। ভক্তদের মতে, প্রভুর নামগান এবং আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে তারা আধ্যাত্মিক শান্তি খোঁজেন। উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। কেউ আসেন হরিনাম গাইতে, আবার কেউ আসেন ভক্তিভরে তা শুনতে। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, উৎসবে আগত বিভিন্ন এলাকার মেহমান ও ভক্তবৃন্দের জন্য প্রসাদ এবং খাওয়ার সুব্যবস্থা রাখা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে স্থানীয় সকল স্তরের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন।