📰 নিরাপত্তা জোরদার: শোলাকিয়ায় ঈদ জামাতকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৩টায় এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরা হয়।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে জানান, ঈদের জামাত নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে অতিরিক্ত পুলিশ সুপার, যারা সার্বিক তদারকি করবেন।

তিনি আরও বলেন,

“মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। যাতে সবাই নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ঈদুল ফিতরের জামাত আদায় করতে পারেন।”

আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথাও উল্লেখ করে তিনি জানান, পুরো ঈদগাহ এলাকা সার্বক্ষণিক ড্রোনের মাধ্যমে নজরদারিতে রাখা হবে, যা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জেলার সকল সার্কেল অফিসার, সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

 সার্বিক প্রস্তুতি ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে এবারের শোলাকিয়ার ঈদ জামাতকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে বদ্ধপরিকর আইনশৃঙ্খলা বাহিনী।