কারাগারকে কেবল শাস্তির জায়গা নয়, বরং একটি প্রকৃত সংশোধনাগার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক নতুন দিগন্তের সূচনা হলো। দীর্ঘ এক বছরের পরিকল্পনা ও নিরলস প্রচেষ্টার পর কারাগারের অভ্যন্তরে মানবিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কারা অধিদপ্তর (Department of Prisons) এবং ওয়াটারএইড বাংলাদেশ (WaterAid Bangladesh)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মাননীয় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন-এর দূরদর্শী নেতৃত্ব এবং ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় এই চুক্তির মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু দৃশ্যমান উন্নয়নমূলক কাজের সূচনা হয়েছে।

এই চুক্তির আওতায় যেসকল যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে:

বিশুদ্ধ পানির নিশ্চয়তা: উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা দূর করে বন্দীদের নিরাপদ পানীয় জল নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা কারাগারে একটি রিভার্স অসমোসিস (RO) ওয়াটার প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হয়েছে।

নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও হাইজিন কর্নার: মহিলা বন্দীদের জন্য নিয়মিত স্বাস্থ্যবিধি (Hygiene) বিষয়ক প্রশিক্ষণ চালু করা হয়েছে। এর পাশাপাশি নারী স্টাফদের সম্মানজনক কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে বিশেষ “হাইজিন কর্নার” তৈরি করা হচ্ছে।

কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি: বন্দীদের সফল পুনর্বাসনের লক্ষ্যে কারাগারে শুরু হতে যাচ্ছে কারিগরি 'প্লাম্বিং প্রশিক্ষণ'। এই উদ্যোগটি বন্দীদের সাজা ভোগের পর সমাজে ফিরে সৎ পথে জীবিকা অর্জনের নতুন পথ দেখাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বন্দীদের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নের এই ছোট ছোট উদ্যোগগুলোই ভবিষ্যতে একটি বড় ও ইতিবাচক পরিবর্তনের ভিত্তি তৈরি করবে।