ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান ওরফে হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার এক সহযোগীকে ভারত থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৮ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে স্থানীয় পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই আটকের খবর নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন— ফয়সাল করিম মাসুদ (৩৭), যিনি ভারতে 'রাহুল' নাম ব্যবহার করে আত্মগোপনে ছিলেন এবং তার সহযোগী আলমগীর হোসেন (৩৪)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযানটি পরিচালনা করে ভারতীয় পুলিশ।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীর নিজেদের দোষ স্বীকার করেছেন। তারা জানান, রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যার পর তারা অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। এরপর ভারতের বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকার পর, পুনরায় বাংলাদেশে প্রবেশের ছক কষেছিলেন তারা। সেই উদ্দেশ্যেই তারা সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় অনুপ্রবেশসহ সংশ্লিষ্ট অন্যান্য অপরাধে ভারতীয় পুলিশ একটি মামলা দায়ের করেছে। আটকদের স্থানীয় আদালতে হাজির করার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে (রিমান্ড) পাঠানো হয়েছে।