সিরাজগঞ্জ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)-কে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা-এর বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম নাজমুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী হামিদুল ইসলাম জানান, আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলার বিবরণে বলা হয়েছে, মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে দেওয়া মন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে এমপি আমির হামজা মন্ত্রীর মর্যাদাহানি করেছেন।

ঘটনার সূত্রপাত ২৬ মার্চের ওই বক্তব্যকে কেন্দ্র করে। পরে শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে এক আলোচনায় আমির হামজা মন্ত্রীকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে উল্লেখ করেন।

এ মন্তব্যটি একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।