স্টাফ রিপোর্টার মাওঃ, বাছির সাদী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি আশা প্রকাশ করেছে, নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শুভেচ্ছা জানান। নেতৃদ্বয় বলেন- একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশের স্থিতিশীলতার প্রধান ভিত্তি। জনগণের মতামত প্রতিফলনের জন্য নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে গঠনমূলক ভূমিকা রাখতে হবে। তাঁরা আরও বলেন- জাতীয় স্বার্থে নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও দৃঢ়তা বজায় রাখবে। সকল রাজনৈতিক দলের আস্থা অর্জন করতে পারবে বলেও তারা আশা করেন। জমিয়ত জানায়- তারা শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চায় বিশ্বাসী, ন্যায়বিচারভিত্তিক শাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।