চীফ রিপোর্টার আজিজুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশ ও জাতির স্বার্থে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বস্তরের নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, “তিনশ’ আসনেই আমাদের দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখতে হবে। রাজনৈতিক সমঝোতার স্বার্থে কোনো আসন ছাড়তে হলেও সেই আসনে সাংগঠনিক কার্যক্রম ও গণসংযোগের গতি পূর্ণমাত্রায় ধরে রাখতে হবে।” শুক্রবার  রাজধানীর পুরানা পল্টনের পুষ্পধাম মিলনায়তনে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীর সাহেব চরমোনাই বলেন, শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িতদের এখনো গ্রেপ্তার না করা দুঃখজনক ও উদ্বেগজনক। তিনি বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এই অবস্থার প্রতিবাদে এবং জুলাই সনদের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে—ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আপসহীনভাবে কাজ করে যাবে এবং আসন্ন রাজনৈতিক বাস্তবতায় দলীয় কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।