মহান বিজয় দিবসে দেশবাসীকে তারেক রহমানের রক্তিম শুভেচ্ছা
নতুন দৃষ্টি
সিনিয়র রিপোর্টার । ফ,ক,নাজমুজজামান
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশবাসীর প্রতি বিজয়ের রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক বার্তায় তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ নিশ্চিত করে। এই বিজয় আমাদের গৌরব, আমাদের অহংকার এবং চিরকালীন প্রেরণার উৎস।
তারেক রহমান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদকে, যাদের ত্যাগের বিনিময়ে আজকের স্বাধীনতা। তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন নির্যাতিত মা-বোনদের অসীম সাহস ও বেদনাময় অবদানের কথাও।
বার্তায় তিনি আরও বলেন, মহান বিজয় দিবস কেবল একটি স্মরণীয় দিন নয়—এটি আমাদের জাতীয় চেতনাকে নতুন করে জাগ্রত করার দিন। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে।
দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত অর্থ তখনই পূর্ণতা পায়, যখন জনগণ তাদের মত প্রকাশের স্বাধীনতা ও ন্যায্য অধিকার ভোগ করতে পারে।
মহান বিজয় দিবস উপলক্ষে তারেক রহমান দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।



