চিফ, রিপোর্টার আজিজুল হক 

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কথিত হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের দাবি জানিয়েছে এবং ঘটনাটিকে আন্তর্জাতিক আইন পরিপন্থী বলে আখ্যা দিয়েছে।

রোববার সন্ধ্যা ৭টায় পুরানা পল্টনস্থ মারকাজ চত্বরে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় নেতার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ আধুনিক বিশ্বব্যবস্থার প্রতি চরম অবজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের শামিল। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

সমাবেশে বক্তারা দাবি করেন, পবিত্র রমজান মাসে চালানো এ হামলা বিশ্ব মুসলিমের অনুভূতিতে আঘাত হেনেছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমালোচনা করে বলেন, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।

সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মারুফ বলেন, কোনো স্বাধীন দেশের ওপর হামলা গ্রহণযোগ্য নয়। আলোচনা চলমান অবস্থায় এমন পদক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, হামলায় একটি স্কুলের বহু শিক্ষার্থী নিহত হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের শামিল।

বক্তারা ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বিশ্ববাসীকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ইরান ইস্যুতে প্রস্তাব আনার আহ্বান জানানো হয়।

সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং সঞ্চালনা করেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ইলিয়াস হাসান। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য দেন।