দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি ধারাবাহিক কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।

দিনের শুরুতেই প্রধানমন্ত্রী পৃথকভাবে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিজিএফআইয়ের মহাপরিচালকদের সঙ্গে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও কৌশলগত বিষয় নিয়ে এসব বৈঠকে আলোচনা হয়।

এরপর তিনি তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসেন। সশস্ত্র বাহিনীর প্রস্তুতি, সমন্বয় ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী অংশ নেন ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায়। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও সমন্বিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সভা সূত্রে জানা যায়।

এদিকে দুপুরে আরও একটি আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। সেখানে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

সরকারের টানা বৈঠক ও কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ কার্যক্রমে নতুন মেয়াদের অগ্রাধিকারমূলক উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়নের প্রস্তুতির ইঙ্গিত মিলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।