চীফ রিপোর্টার আজিজুল হক 

বর্তমান অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে প্রজ্ঞাপন (গেজেট) জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে তারেক রহমান-কে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে পৃথক গেজেট প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়। এতে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে।

এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণ করেন নতুন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন।

নতুন মন্ত্রিসভা গঠন

৫০ সদস্যের মন্ত্রিপরিষদে পূর্ণমন্ত্রী ২৫, প্রতিমন্ত্রী ২৪

নতুন সরকারের মন্ত্রিপরিষদে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সমূহ:

স্বরাষ্ট্র – সালাউদ্দিন আহমদ

অর্থ ও পরিকল্পনা – আমীর খসরু মাহমুদ চৌধুরী

পররাষ্ট্র – ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)

মুক্তিযুদ্ধ বিষয়ক – মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা – এহসানুল হক মিলন

ধর্ম বিষয়ক – কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা – সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ-পরিবহন – শেখ রবিউল আলম

প্রতিমন্ত্রী হিসেবেও বেশ কয়েকজন নতুন মুখ অন্তর্ভুক্ত হয়েছেন।

ভারত সফরের আমন্ত্রণ

নতুন প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। শপথ অনুষ্ঠানের পর সৌজন্য সাক্ষাতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা।

সচিবালয়ে প্রথম কর্মদিবস

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নতুন সরকারের কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী। এরপর সচিবালয়ে প্রথম অফিস করবেন তিনি।

দিনভর মন্ত্রিপরিষদ সদস্য ও সচিবদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

কুমিল্লা থেকে তিন পূর্ণমন্ত্রী

কুমিল্লা জেলার তিনজন নেতাকে পূর্ণমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে জেলাজুড়ে উচ্ছ্বাস দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি জেলার রাজনৈতিক গুরুত্ব আরও বাড়াবে।